Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ০১:০১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড এমজি গুলি, ধ্বংস করল সেনাবাহিনী

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ০১:০১ পূর্বাহ্ন

কক্সবাজার :


কক্সবাজারের টেকনাফে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে রাখা বস্তা থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করেছে।


রোববার (২২ নভেম্বর) এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর ব্লক-সি, সাব-ব্লক-সি১২ সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে পাকা সড়কে অভিযান চালায়।


এসআরবি-১৫-এর দাবি, অভিযানের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন ব্যক্তি একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনের যাত্রী বসার স্থানে পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে এসব বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়।


উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে সাতটি সাধারণ গ্রেনেড, ছয়টি এজিএল (AGL) গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি খালি ম্যাগাজিন এবং একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক। উদ্ধার হওয়া সাধারণ গ্রেনেডগুলোর মডেল ও লট নম্বর স্পষ্ট ছিল না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


এসআরবি-১৫ জানায়, উদ্ধার করা গ্রেনেডগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো পরিবহন ও সংরক্ষণে দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ কারণে গ্রেনেডগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়। পরে ২১ নভেম্বর কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি আদালত-৫-এর নির্দেশনায় ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের বোমা ডিসপোজাল টিম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সেনাবাহিনীর দলটি শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।


এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪ ও ৬ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা মাদক কেনাবেচার উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে গোয়েন্দা তথ্য ছিল। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।


টেকনাফের সীমান্তবর্তী এলাকায় একসঙ্গে বিপুল পরিমাণ গ্রেনেড ও মেশিনগানের গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com