Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে দিনব্যাপী কবি সমাবেশে প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম

২৩ নভেম্বর ২০২৬ • ১২:০৩ পূর্বাহ্ন

সিলেট :

দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) উদ্যোগে আগামী ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী সাহিত্য সম্মেলন ও সপ্তদশ কেমুসাস সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান। সম্মেলন সফল করতে কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


গত ২১ নভেম্বর সন্ধ্যায় নগরীর দরগাহ গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য সম্মেলন উদযাপন উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কামাল তৈয়বের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় সভায় কবি, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।


সভায় জানানো হয়, আগামী ২৮ নভেম্বর শনিবার শহিদ সোলেমান হলে দিনব্যাপী এ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী। দিনব্যাপী কবি সমাবেশে সভাকবি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের কৃতিসন্তান, সাবেক সচিব ও রাষ্ট্রদূত কবি মোফাজ্জল করিম।


এবারের সাহিত্য সম্মেলন উৎসর্গ করা হচ্ছে দেওয়ান মোহাম্মদ আহবাব চৌধুরী বি.এ, বিদ্যাবিনোদ এমএলএ-কে। সম্মেলনে ‘নজরুল চর্চায় পথিকৃৎ ভূমিকায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সংসদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল।


সভায় আরও জানানো হয়, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য পুরস্কার প্রদানের ধারাবাহিকতায় এবার কথাশিল্পী আবদুল হাই মিনারকে তাঁর সার্বিক সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ কেমুসাস সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করা হচ্ছে।


কবি সমাবেশের প্রথম ও দ্বিতীয় পর্বে কবিতা পাঠের বিষয়ে সভায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়। জানানো হয়, যেসব নিবন্ধিত কবি অনূর্ধ্ব ১৬ লাইনের কবিতা নিবন্ধন ফরমের সঙ্গে জমা দিয়েছেন, কেবল তাঁরাই নিবন্ধন তালিকা অনুযায়ী কবিতা পাঠের সুযোগ পাবেন। প্রত্যেক কবিকে একবারই কবিতা পাঠের জন্য ডাকা হবে। নাম ডাকার সময় কোনো কবিকে পাওয়া না গেলে পরবর্তী সময়ে তাঁকে আর সুযোগ দেওয়া হবে না। কবিদের তালিকায় নবীন-প্রবীণভেদে কোনো নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হবে না। আগামী ২৫ নভেম্বর বুধবার রাত ৯টা পর্যন্ত অনলাইন ও অফলাইনে নিবন্ধন এবং কবিতা জমা দেওয়ার কার্যক্রম চলবে।


মতবিনিময় সভার শুরুতে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আহমদ মাহবুব ফেরদৌস সম্মেলনের বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতির বিষয় তুলে ধরেন। এ সময় উপস্থিত লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা সম্মেলন সফল করতে বিভিন্ন পরামর্শ দেন। তাঁদের পরামর্শের ভিত্তিতে অতীতের ত্রুটি-বিচ্যুতি দূর করে একটি সুশৃঙ্খল ও সফল সাহিত্য সম্মেলন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।


সভায় বক্তব্য দেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সহকারী আঞ্চলিক পরিচালক মো. দেলওয়ার হোসেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, ছড়াকার শাহাদত বখ্ত শাহেদ, কবি মুহিত চৌধুরী, কবি তাবেদার রসুল বকুল, কবি সালেহ আহমদ, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ, ছয়ফুল আলম পারুল, গল্পকার তাসলিমা খানম বীথি, প্রকাশক লুৎফুর রহমান তোফায়েল, শিল্পী সানাউল ইসলাম সুয়েজ, আব্দুল বাছিত, কবি কামাল আহমদ, সাজন আহমদ সাজু, তারেশ কান্তি তালুকদার, উত্তম কুমার চৌধুরী, আমীর হোসেন সোহাগ, সেলিম আহমদ খান, মো. আরজু মিয়া, ফুয়াদ বিন রশীদ, মকসুদ আহমদ লাল, কুবাদ বখত চৌধুরী রুবেল, শহিদুল ইসলাম লিটন, সাজ্জাদ আহমদ সাজু, আব্দুর রাজ্জাক শাওন, রেজাউল করিম, আবু রাইয়ান, মো. আখলাকুল আসপিয়া, মো. বশির মিয়া, ফয়সল মাহমুদ সাকিব খান, ডা. লোকমান হেকিম, লিপি খান ও মো. লিলু মিয়া প্রমুখ।


কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পক্ষে সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি সৈয়দ মুহিবুর রহমান ও রুহুল ফারুক, সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, পাঠাগার সম্পাদক নাজমুল আনাসারী, সহপাঠাগার সম্পাদক ইশরাক জাহান জেলী, সাহিত্য ও গবেষণা সম্পাদক ছড়াকার কামরুল আলম এবং কার্যকরী পরিষদ সদস্য মুহাম্মদ ফয়জুল হক ও মিনহাজ ফয়সল।


সভাপতির বক্তব্যে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কবি অ্যাডভোকেট কামাল তৈয়ব ‘সাহিত্যের সংযোগে হৃদয় হোক আরও প্রসারিত’ স্লোগানে আগামী ২৮ নভেম্বরের দিনব্যাপী কবি সমাবেশ ও সাহিত্য সম্মেলন সফল করতে কবি-সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com