দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২৮ সাংগঠনিক সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শাখার নতুন আমির নির্বাচিত হয়েছেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন। একই সেশনের জন্য উপজেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ডা. হারিছ উদ্দিন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে রুকনদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মু. আব্দুল্লাহ। তিনি নবনির্বাচিত উপজেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইনকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এবং জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ও সদ্য সাবেক উপজেলা আমির ডা. হারুনুর রশিদ।
উপজেলা আমিরের শপথ গ্রহণ শেষে ২০২৭-২৮ সেশনের জন্য উপজেলা নায়েবে আমির, সহকারী সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে নায়েবে আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন। সহকারী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা সিদ্দিকুল ইসলাম ও ডা. আব্দুল হান্নান।
এ ছাড়া উপজেলা কর্মপরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন আলহাজ্ব খলিলুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা সাইফুল ইসলাম।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী ২০২৭-২৮ সাংগঠনিক সেশনে দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।