আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে চাকসু মামুনের অনুসারী বিএনপির মিছিল
কানাইঘাট প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেটের কানাইঘাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহসভাপতি ও সিলেট-৫ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী (বহিষ্কৃত) মামুনুর রশিদ চাকসু মামুনের অনুসারী নেতাকর্মীরা। এতে শত শত নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
মিছিলটি কানাইঘাট বাজার থেকে শুরু হয়ে থানা মোড় প্রদক্ষিণ করে মধ্যবাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় মিলিত হন অংশগ্রহণকারীরা।
পৌর বিএনপির সহসভাপতি জালাল আহমদ জনির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবুল বাশারের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওয়েছ আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিপজল, জেলা বিএনপির উপদেষ্টা আবিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারবেজ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সইফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নিমার মেম্বার, উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সেলিম আহমদ এবং উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. জাকারিয়া।
এ ছাড়া যুবদল, জাসাস, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করা শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা ভারতে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাঁদের নির্দেশনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন বলে দাবি করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, কানাইঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গোপনে মুখোশ পরে মিছিল করছেন বলে তাঁদের অভিযোগ। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।