দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়।
মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত আলীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা নুর হোসেন আজিজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মো. মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাধীন সব শিক্ষককে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ফিল্ড অফিসার মো. নরুল ইসলাম এবং উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা জিয়া উদ্দিন।
ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাধীন শিক্ষকদের সমন্বয়ে গঠিত এ কমিটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষক-শিক্ষিকাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি মাওলানা হোসাইন আহমদ।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি মাওলানা জমির উদ্দিন, সহসাধারণ সম্পাদক হাফিজ বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা হাসান শহিদ, প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক গোছ উদ্দিন, তালিম ও তরবিয়ত সম্পাদক মো. আব্দুল মালিক, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সম্পাদক সেলিম উদ্দিন, পরিবেশবিষয়ক সম্পাদক আশরাফ আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামসুদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আপ্তাব উদ্দিন, দপ্তর সম্পাদক মনির হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা বেগম এবং সহমহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বেগম।
এ ছাড়া সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আব্দুল লতিফ, হারুনুর রশিদ, হাবিবুর রহমান ও রশিদ আহমদসহ বিভিন্ন এলাকার শিক্ষকবৃন্দ।
এদিকে নবগঠিত কমিটির সভাপতি মাওলানা নজরুল ইসলাম শিক্ষকদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—প্রকল্প নয়, স্থায়ী সমাধান; অনিশ্চয়তা নয়, চাকরির নিরাপত্তা; অবহেলা নয়, শিক্ষকদের ন্যায্য মর্যাদা এবং শিক্ষক যেখানে, কেন্দ্র সেখানে।
তিনি এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেন।
সংশ্লিষ্ট শিক্ষকরা আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটির মাধ্যমে শিক্ষকদের মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার আদায় এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।