ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতেই বাদশাগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেছেন সেলবরষ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় পুনরায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নির্দেশনা রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন আত্মগোপনে থেকে বেশ কয়েক দিন ধরে ফেসবুক লাইভে এসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাঁর নির্দেশেই আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দলটি দেশে-বিদেশে সমালোচিত হচ্ছে। সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নির্দেশেই বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।
অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় উদ্ঘাটনের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ।