Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বিয়ানীবাজারে রান্নাঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পারিবারিক বিরোধের অভিযোগ

২১ নভেম্বর ২০২৬ • ১২:১৫ পূর্বাহ্ন

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারে বসতবাড়ির রান্নাঘর থেকে শাহারা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের হিজলারটুক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পারিবারিক কলহ ও নির্যাতনের অভিযোগ তুলেছেন নিহতের বাবা ও বোন।


নিহত শাহারা বেগম ওই গ্রামের সাজিদুর রহমানের দ্বিতীয় স্ত্রী। তাঁদের তিন বছর বয়সী একটি সন্তান রয়েছে।


পুলিশের প্রাথমিক ধারণা, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে কোনো একসময় তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাজিদুর রহমানের প্রথম স্ত্রীর মেয়ে ঘরের দরজা খোলা দেখতে পান। এ সময় তাঁর বাবা ঘুমিয়ে ছিলেন। পরে তিনি রান্নাঘরে গিয়ে শাহারা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে স্বামী সাজিদুর রহমানকে পাওয়া যায়নি। এ ছাড়া বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সময় কী ঘটেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।


অন্যদিকে, নিহতের বাবা ও বোনের অভিযোগ, স্বামীর সঙ্গে মনোমালিন্য ও নির্যাতনের বিষয় নিয়ে শাহারা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।


বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেটে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com