Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
লটারিতে নির্বাচিত হবেন কৃষক, একজন দিতে পারবেন সর্বোচ্চ এক টন

শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে ৯০ টন আমন ধান কিনবে সরকার

২০ নভেম্বর ২০২৬ • ১১:৪৮ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে চলতি ২০২৬-২৭ মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৯০ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করবে সরকার। এ লক্ষ্যে কৃষক নির্বাচন ও ধান সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা আমন ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (এলএসডি) আব্দুল আহাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং ব্যবসায়ী মুজিবুর রহমান মুজিবসহ কমিটির অন্যান্য সদস্য।


সভায় জানানো হয়, অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ ২০২৬-২৭ মৌসুমে শান্তিগঞ্জ উপজেলা থেকে সরকারিভাবে মোট ৯০ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।


এ লক্ষ্যে প্রথমে কৃষকদের তালিকা চূড়ান্ত করা হবে। এরপর লটারির মাধ্যমে ধান সরবরাহের জন্য কৃষক নির্বাচন করা হবে। নির্বাচিত প্রত্যেক কৃষক সরকারকে সর্বোচ্চ এক মেট্রিক টন (১ হাজার কেজি) ধান সরবরাহ করতে পারবেন।


সরকারি এ ধান সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় কৃষকরা তাঁদের উৎপাদিত আমন ধানের একটি অংশ সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির সুযোগ পাবেন। পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com