দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু
শান্তিগঞ্জ প্রতিনিধি:
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গত ১৭ বছর ধরে খুন, খারাপি ও অত্যাচার করেও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা আবারও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে প্রমাণ করতে চায়, ক্ষমতায় ফিরলে মানুষের ওপর আগের মতোই অত্যাচার চালাবে। যাদের মধ্যে সামান্যতম অনুশোচনাও নেই, দেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, সারাদেশে অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের যে ঘটনা ঘটছে, তাতে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো দায় আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত জুলুম-অত্যাচারের বিচার এবং রাজনৈতিক সহিংসতা আইনগতভাবে মোকাবিলায় সরকার ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। এমন পরিস্থিতির দায় আওয়ামী লীগ ও বর্তমান সরকার—কেউই এড়াতে পারবে না।
গণভোটের প্রসঙ্গ টেনে এবি পার্টির চেয়ারম্যান বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার জুলাই সনদ বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ন্যায়সংগতভাবে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাম্প্রতিক অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মঞ্জু। এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকারকে আরও দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এবি পার্টির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে এবং মাওলানা দেলোয়ার হোসাইন ও আরিফ বিল্লাহ আনসারের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এবি যুব পার্টির সদস্যসচিব ব্যারিস্টার হাদীউজ্জামান খোকন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা এবি পার্টির যুগ্ম সদস্যসচিব হাফিজ মোশাহিদ আলী, সদস্যসচিব আলী আসগর ইমন ও যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ সবুজ। শুভেচ্ছা বক্তব্য দেন যুবনেতা সুজন আহমেদ।
এ সময় এবি পার্টি ও এবি যুব পার্টির জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে সুজন আহমদকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদস্যসচিব ব্যারিস্টার হাদীউজ্জামান খোকন।