হাওরের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, ধর্মপাশায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা
ধর্মপাশা প্রতিনিধি:
হাওর অঞ্চলে আকস্মিক বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করতে সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ ও পুনঃসক্রিয়করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হাওর অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ সহনশীলতা ও প্রস্তুতি কর্মসূচি (হারপি) প্রকল্পের আওতায় এডিএস-জার্মানির অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশনের হারপি প্রকল্প, ধর্মপাশা উপজেলা এ কর্মশালার আয়োজন করে।
ঢাকা আহ্ছানিয়া মিশনের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের হারপি প্রকল্পের কো-অর্ডিনেটর ছানোয়ার হোসেন খান পাঠান।
কর্মশালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং যুব সংঘের সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, হাওরাঞ্চল প্রাকৃতিকভাবেই বন্যাসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে আকস্মিক বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি।
তারা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুর্যোগের ঝুঁকি চিহ্নিত করা, প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
কর্মশালায় কমিউনিটি ঝুঁকি নিরূপণ প্রতিবেদন যাচাই করা হয়। যাচাই শেষে প্রতিবেদনটি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে পুনরায় পরীক্ষা-নিরীক্ষা (রিচেক) করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মশালার মাধ্যমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং হাওরাঞ্চলের মানুষের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়বে।