Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
উপশিরোনাম: পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগে ৫৭ জনের আবেদন, দুই ব্যবসায়ীর স্বত্ব মামলা আদালতে

জকিগঞ্জ বাজারে মাংসের দোকান নিয়ে বিরোধ, শেড নির্মাণের পরও চৌমুহনীতে বিক্রি

২০ নভেম্বর ২০২৬ • ০১:২১ পূর্বাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


সিলেটের জকিগঞ্জ বাজারে মাংস বিক্রির নির্ধারিত শেড নির্মাণ করা হলেও চৌমুহনীসহ বাজারের বিভিন্ন স্থানে মাংস বিক্রি বন্ধ হচ্ছে না। এ নিয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি, মাংস ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরোধ ক্রমেই বাড়ছে। নির্ধারিত স্থানের বাইরে মাংস বিক্রির কারণে পরিবেশ দূষণ, দুর্গন্ধ, বর্জ্য ছড়িয়ে পড়া এবং জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ তুলেছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। সব মাংসের দোকান নির্ধারিত শেডে স্থানান্তরের দাবিতে ৫৭ জন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির কাছে লিখিত আবেদন করেছেন।


পৌরসভা, উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও বাজার ব্যবস্থাপনা কমিটির একাধিক সিদ্ধান্তের পরও নির্ধারিত স্থানের বাইরে মাংস বিক্রি অব্যাহত থাকায় ক্ষোভ বাড়ছে। অন্যদিকে, দোকানঘরের মালিকানা ও ব্যবসা পরিচালনার অধিকার নিয়ে দুই ব্যবসায়ীর পৃথক স্বত্ব মামলা আদালতে বিচারাধীন থাকায় বিরোধ নতুন মাত্রা পেয়েছে।


শেড নির্মাণ ও প্রশাসনিক সিদ্ধান্ত


পৌরসভার নথি অনুযায়ী, ২০২৬ সালের ৭ জুলাই পৌর প্রশাসক প্রণয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় মাছবাজারের পাশে মাংস বিক্রির জন্য দোকানকোঠা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এডিপির বরাদ্দ থেকে দোকানকোঠা নির্মাণের সিদ্ধান্তের পর মাংস ব্যবসায়ীদের জন্য নির্ধারিত শেড নির্মাণ করা হয়।


এরপর ২৫ আগস্ট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বাজারের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাংসের দোকানগুলো নির্ধারিত শেডে স্থানান্তরের দাবি ওঠে। ২ সেপ্টেম্বর বাজার ব্যবস্থাপনা কমিটি মাংস ব্যবসায়ীদের ছয়টি শর্তসংবলিত সতর্কবার্তা দেয়।


শর্তগুলোর মধ্যে রয়েছে—প্রাণিসম্পদ বিভাগের স্বাস্থ্য সনদ নিয়ে পশু জবাই, দায়িত্বশীল ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা, সকাল ৮টার পর পশু জবাই এবং পৌরসভা নির্ধারিত স্থানে মাংস বিক্রি করা। বাজার ব্যবস্থাপনা কমিটির একাধিক কার্যকরী কমিটির সভা ও বিশেষ সভাতেও নির্ধারিত শেডে দোকান স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


তবে অভিযোগ রয়েছে, এসব সিদ্ধান্ত উপেক্ষা করে কয়েকজন মাংস ব্যবসায়ী এখনো চৌমুহনীসহ বাজারের বিভিন্ন স্থানে ব্যবসা পরিচালনা করছেন।


৫৭ জনের লিখিত অভিযোগ


বাজার ব্যবস্থাপনা কমিটির কাছে দেওয়া ৫৭ জন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দার লিখিত আবেদনে বলা হয়েছে, নির্ধারিত স্থানের বাইরে মাংস বিক্রির কারণে রক্ত, বর্জ্য ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। মাছি-মশা ও জীবাণুবাহী পোকামাকড়ের উপদ্রব বাড়ছে। এতে ক্রেতাদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাজারের স্বাভাবিক পরিবেশও নষ্ট হচ্ছে।


আবেদনকারীরা সব মাংস ব্যবসায়ীকে পৌরসভার নির্ধারিত শেডে স্থানান্তর এবং অন্যত্র মাংস বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


বাজারের পুরোনো মাংস ব্যবসায়ী আলা উদ্দিন বলেন, তাঁর বাবা মরহুম আব্দুর নূর, সাব আলী, সিফাত আলী ও আব্দুস সোহানসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাছবাজারের পাশের শেডে মাংসের ব্যবসা করেছেন। তিনিও সেখানে ব্যবসা করছেন। নতুন করে কয়েকজন মাংস ব্যবসা শুরু করায় বাজারের পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


বাজারের ব্যবসায়ী আব্দুল মুনিম বলেন, কয়েক বছর ধরে বাজারের চৌমুহনীতে মাংসের দোকান চালু হওয়ায় পরিবেশ ও অন্য ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।


বাজার কমিটির বক্তব্য


জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আহমদ বলেন, ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনের দাবির পরিপ্রেক্ষিতে একাধিকবার সংশ্লিষ্ট মাংস ব্যবসায়ীদের চৌমুহনী থেকে নির্ধারিত স্থানে যাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তাঁরা সেখানে ব্যবসা চালিয়ে যাওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং পরিবেশের বিঘ্ন ঘটছে।


তিনি অভিযোগ করেন, কয়েক দিন পরপর আদালতের আদেশ ও বিভিন্ন অজুহাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চৌমুহনীতে গরুর মাংস বিক্রি করছেন।


শামীম আহমদ বলেন, তাঁরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের আদেশের বাইরে কোনো পদক্ষেপ নেবেন না। বাজারের পরিবেশ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করবেন। একই সঙ্গে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।


দুই স্বত্ব মামলা আদালতে


এ বিরোধের জেরে দুই ব্যবসায়ী পৃথক দেওয়ানি মামলা করেছেন। স্বত্ব মোকদ্দমা নং ৮৮/২০২৬ ও ৮৯/২০২৬-এ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), পৌর প্রশাসক, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাজার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও সাধারণ সম্পাদককে বিবাদী করা হয়েছে।


মামলার বাদীদের দাবি, ভাড়া চুক্তি, জামানত ও মাসিক ভাড়া দিয়ে দোকান নিয়ে তাঁরা ব্যবসা করছেন এবং এতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন। তাঁদের ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্সও রয়েছে বলে দাবি করা হয়েছে। ব্যবসায় বাধা, পুলিশি হয়রানি ও দোকান তালাবদ্ধ করার চেষ্টার অভিযোগ তুলে তাঁরা আদালতের কাছে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন।


৮৮/২০২৬ নম্বর মামলায় বাদী রফিক আহমদের আবেদনের পর গত ১২ নভেম্বর আদালত বাজার কমিটির সহসভাপতি শামীম আহমদ ও সাধারণ সম্পাদক বেলাল আহমদকে ২১ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন—কেন তাঁদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না।


এদিকে, প্রকাশিত আদালত-সংক্রান্ত প্রতিবেদনে ১১ নভেম্বর শুনানি শেষে বিরোধপূর্ণ দোকানঘরের বিষয়ে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখা এবং বাদীদের স্বাভাবিক ব্যবসা পরিচালনায় বাধা না দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশনার তথ্যও এসেছে। সংশ্লিষ্ট এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জকিগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি এবং অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও আসেনি।


জমির মালিকানা নিয়ে নথিতে অমিল


বিরোধের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দোকানঘর নির্মিত জমির মালিকানা। জকিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা শামীম আহমদের আদালতে দেওয়া জবাব অনুযায়ী, নালিশি ভূমি আলমনগর মৌজার বিএস ৭০ নম্বর জে.এল.-এর ১৭৪৭ নম্বর দাগভুক্ত।


বিএস ২৫১ নম্বর খতিয়ানে ০.০০৫৬ একর জমি আব্দুল মতলিব গংয়ের নামে রেকর্ড রয়েছে। পরবর্তী নামজারিতে ০.০০২২ একর জমি মুক্তাদির আহমদ গংয়ের নামে ১৯৪১ নম্বর খতিয়ান সৃজিত হয়েছে। ভূমি কর্মকর্তার দাবি, জমিটি ব্যক্তিমালিকানাধীন।


তবে মামলার আরজিতে খতিয়ান নম্বর ২৫৯ উল্লেখ থাকায় ২৫১ ও ২৫৯ নম্বর খতিয়ানের মধ্যে অমিল দেখা দিয়েছে। এ কারণে জমির মালিকানা, দোকান ভাড়ার চুক্তি এবং পৌরসভার শেড নির্মাণ ও বরাদ্দের নথি যাচাইয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


সব মিলিয়ে জকিগঞ্জ বাজারে মাংস বিক্রির স্থান নির্ধারণ নিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত, বাজার ব্যবস্থাপনা কমিটির অবস্থান, ব্যবসায়ীদের দাবি এবং আদালতে চলমান মামলা—সবকিছু মিলিয়ে বিরোধ জটিল আকার ধারণ করেছে।


ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, আদালতের বিচারাধীন বিষয়গুলো যথাযথ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করার পাশাপাশি জমির মালিকানা যাচাই, শেডের বরাদ্দপ্রক্রিয়া স্বচ্ছ করা এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী মাংস বিক্রির স্থান নির্ধারণ করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বাজারের পরিচ্ছন্নতা, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ চান তাঁরা।

বিজ্ঞাপন channeljaintanews24.com