সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনের মধ্যে একজনের বিরুদ্ধে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৩টা ১০ মিনিটে নগরীর রিকাবীবাজারে সিলেট জেলা স্টেডিয়ামের পূর্ব পাশে শহর সমাজসেবা কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের এয়ারপোর্ট থানাধীন কালাগুল সাহেববাজার এলাকার রফিক আহমদের ছেলে লিমন আহমেদ (২৫), একই থানার নয়াবাজার বড়শলা এলাকার মৃত রফিক মিয়ার ছেলে রাকিব ওরফে ডিজে রাকিব (২১) এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার আব্দুল মোতালিবের ছেলে মো. জীবন মিয়া (২৩)। তাঁরা বর্তমানে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কোতোয়ালী মডেল থানার এফআইআর নং-৪৪, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিবরণে পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় মনিপুরী রাজবাড়ি ওয়েস্টার্ন শোরুমের সামনে থেকে মির্জাজাঙ্গাল পয়েন্ট পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গ্রেপ্তার তিনজনের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
এ ছাড়া তাঁরা বিভিন্ন সময়ে গোপন বৈঠক, সদস্য সংগ্রহ এবং সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে লিমন আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং মো. জীবন মিয়ার বিরুদ্ধে দণ্ডবিধির একটি মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।