Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

কুলাউড়ায় জাকির-শ্যামার সুরের মূর্ছনায় মুগ্ধ দর্শক-শ্রোতা, জমজমাট সংগীতসন্ধ্যা

১৯ নভেম্বর ২০২৬ • ০৭:৩১ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি:

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানের আলোকিত সুরের আবেশে মৌলভীবাজারের কুলাউড়ায় অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর সংগীতসন্ধ্যা। বিশিষ্ট সংগীতশিল্পী জাকির হোসেন তপন ও তানভীরা আশরাফ শ্যামার সুরেলা পরিবেশনায় মুগ্ধতায় ভরে ওঠে দর্শক-শ্রোতাদের হৃদয়। গান, কবিতা, আবৃত্তি ও বাদ্যযন্ত্রের অপূর্ব সমন্বয়ে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।


বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজারে দখিন দাওয়া পার্টি সেন্টারে সাহিত্য-সাংস্কৃতিক কর্মী ফোরাম, কুলাউড়ার উদ্যোগে এ সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়।


গোলাম মোস্তফা পাভেলের সার্বিক তত্ত্বাবধানে এবং শফি আহমদ চৌধুরী জুয়েলের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী জাকির হোসেন তপন ও তানভীরা আশরাফ শ্যামা। তাঁদের পরিবেশনায় সংগীতপ্রেমীরা উপভোগ করেন সুর ও কথার নান্দনিক আবহ।


শুধু সংগীত পরিবেশনাই নয়, আয়োজনকে আরও বৈচিত্র্যময় করে তোলে হাসান সালেহের আবৃত্তি, শাহরিভার তানভীর হোসেনের গিটার এবং সিতাংশু চৌধুরী সুমিতের তবলা বাদন। গান, কবিতা ও বাদ্যযন্ত্রের সুরেলা মেলবন্ধনে উপস্থিত দর্শক-শ্রোতারা উপভোগ করেন এক ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সাহিত্য-সাংস্কৃতিক কর্মী ফোরামের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।


আয়োজকদের মতে, সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ, সংগীত ও সাহিত্যনির্ভর সৃজনশীল পরিবেশ গড়ে তোলা এবং মানুষের মধ্যে সাংস্কৃতিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুলাউড়ার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের সংগীত ও সাহিত্যভিত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।


সংগীত, কবিতা ও সুরের এমন আয়োজন নিয়মিত আয়োজন করা হলে স্থানীয় সাংস্কৃতিক চর্চায় নতুন প্রাণের সঞ্চার হবে—এমন প্রত্যাশা উপস্থিত সংস্কৃতিপ্রেমীদের।

বিজ্ঞাপন channeljaintanews24.com