Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট নগরীতে পুলিশের পৃথক অভিযান: নিষিদ্ধ সংগঠনের যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

১৯ নভেম্বর ২০২৬ • ১০:২৮ পূর্বাহ্ন

সিলেট :

সিলেট মহানগরীর চারটি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার ও আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত পর্যন্ত মোগলাবাজার, দক্ষিণ সুরমা, জালালাবাদ ও এয়ারপোর্ট থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।


পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ও আটক ব্যক্তিরা হলেন—সিলেট মহানগর যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি জিল্লুর রহমান (৪০), ছাত্রলীগ কর্মী মাসুক আহমেদ (২০), স্বেচ্ছাসেবক লীগের ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রুহেল মিয়া (২৮) এবং কেন্দ্রীয় ছাত্রলীগের ২০১৯ সালের কমিটির সাবেক সদস্য ও সিলেট জেলা যুবলীগের কর্মী মো. দেলোয়ার হোসেন (৩৮)।


পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাসগামী সড়কে পেট্রোল দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতিকালে জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি সিলেট মহানগর যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।


এ ঘটনায় মোগলাবাজার থানায় ১৮ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৫)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৬।


এদিকে, একই দিন সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন তেলিবাজার-সুনামগঞ্জ বাইপাস এলাকায় জন্মদিন পালনের কথা বলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী একত্রিত হয়ে অবস্থান করছিলেন বলে জানায় পুলিশ। পরে স্থানীয় জনগণের সহায়তায় দক্ষিণ সুরমা থানা পুলিশ গোয়ালগাঁও এলাকা থেকে মাসুক আহমেদকে আটক করে। তিনি মৌলভীবাজার জেলার দিঘীরপার বাজার এলাকার বাসিন্দা এবং বর্তমানে সিলেট নগরের শেখঘাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


অপরদিকে, ১৮ নভেম্বর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রুহেল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তিনি স্বেচ্ছাসেবক লীগের ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক। জালালাবাদ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়। ওই মামলাটি গত ২ আগস্ট দায়ের করা হয়েছিল।


এছাড়া ১৮ নভেম্বর রাত ২টা ১০ মিনিটে এয়ারপোর্ট থানা পুলিশ নগরের আম্বরখানাস্থ হোটেল পলাশে অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের ২০১৯ সালের কমিটির সাবেক সদস্য এবং সিলেট জেলা যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৭ জুলাই সকাল ৬টা ২০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন পূর্ব শাহী ঈদগাহের টিবি গেট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করে পালিয়ে যান মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে দেলোয়ার হোসেনের সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ ও তথ্য-উপাত্ত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।


এয়ারপোর্ট থানার মামলা নম্বর ২৫, তারিখ ১৮ জুলাই ২০২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছিল।


পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিদের নিষিদ্ধ রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হিসেবে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে বলে দাবি পুলিশের। এছাড়া থানা রেকর্ডপত্র যাচাই করে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।


গ্রেফতার ও আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন channeljaintanews24.com