Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
গল্পনির্ভর আলোকচিত্র প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্বোধন করলেন অধ্যক্ষ

এমসি কলেজে ২৪ ছবির গল্পে শুরু ‘ক্ষণচিত্র’, যাত্রা শুরু ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটির

১৮ নভেম্বর ২০২৬ • ০১:০৩ পূর্বাহ্ন

সিলেট :

শিক্ষার্থীদের ক্যামেরায় ধারণ করা ২৪টি আলোকচিত্রে উঠে এসেছে নানা গল্প, অনুভূতি ও জীবনের ভিন্ন ভিন্ন মুহূর্ত। এমন গল্পনির্ভর আলোকচিত্র প্রদর্শনী ‘ক্ষণচিত্র’ সিজন-০১-এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের (এমসি কলেজ) নতুন সংগঠন ‘এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’।


মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে ‘ইন্ট্রা এমসি কলেজ ফটোগ্রাফি এক্সিবিশন অ্যান্ড কম্পিটিশন’-এর উদ্বোধন করা হয়। ‘স্টোরি বেইজড ফটোগ্রাফি’ বা গল্পনির্ভর আলোকচিত্র ধারণের প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীতে কলেজের শিক্ষার্থীদের তোলা মোট ২৪টি ছবি স্থান পেয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন এবং প্রথম আলোর ফটোসাংবাদিক আনিস মাহমুদ।


উদ্বোধনী অনুষ্ঠানে সোসাইটির পক্ষ থেকে বক্তব্য দেন উৎস কান্তি দাস। তিনি অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও এ আয়োজনের তাৎপর্য তুলে ধরেন।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল হামিদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নীলুফার খানম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহমুদা আলম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মহসিন আলী।


এ ছাড়া উপস্থিত ছিলেন এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটির উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ।


বক্তারা বলেন, ফটোগ্রাফি শুধু ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি ছবির মধ্য দিয়েও মানুষের অনুভূতি, অভিজ্ঞতা ও সমাজের নানা বাস্তবতা তুলে ধরা সম্ভব। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, শিল্প-সংস্কৃতির চর্চা এবং ছবির মাধ্যমে গল্প বলার এ উদ্যোগ প্রশংসনীয়। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আয়োজকদের মতে, ‘ক্ষণচিত্র’ শুধু একটি আলোকচিত্র প্রদর্শনী নয়, বরং শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, পর্যবেক্ষণ ক্ষমতা ও শিল্পবোধ প্রকাশের একটি সম্মিলিত মঞ্চ। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ফটোগ্রাফির প্রতি আগ্রহ সৃষ্টি এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।


২৪টি ছবির এ প্রদর্শনীর মধ্য দিয়ে এমসি কলেজে ফটোগ্রাফি ও চলচ্চিত্রচর্চার নতুন সাংগঠনিক যাত্রা শুরু হলো।

বিজ্ঞাপন channeljaintanews24.com