মৌলভীবাজার:
মৌলভীবাজারের বড়লেখায় চারটি মামলায় মোট ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. আছকর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বড়লেখা থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম।
গ্রেপ্তার মো. আছকর আলী বড়লেখা উপজেলার সায়পুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আছকর আলীর বিরুদ্ধে চারটি মামলায় পৃথকভাবে ১ বছর, ১ বছর, ১ বছর ও ৬ মাসসহ মোট ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে। একই সঙ্গে এসব মামলায় সর্বমোট ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত তিনি।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত এই আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয় বড়লেখা থানা পুলিশ।
সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।