জৈন্তাপুরে বসতঘরে মিলল ভারতীয় চা পাতা ও আতশবাজি, মোটরসাইকেলসহ জব্দ ১১ লাখ ৮৯ হাজার টাকার পণ্য
সিলেট :
সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা, তারাবাতি ও আতশবাজি উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পুরোনো ভারতীয় পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। উদ্ধার করা পণ্য ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের নুরুল উল্যাহ (৩৫), পিতা—মৃত খয়রুল উল্যাহর বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ১০০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
এ ছাড়া ২ হাজার ১৫০ প্যাকেট ভারতীয় ‘Athithi 7cm Electric Sparklers’ নামের তারাবাতি উদ্ধার করা হয়। এসব তারাবাতির আনুমানিক মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা। একই অভিযানে ৫৫২ বক্স ‘Happy Fire Works’ ব্র্যান্ডের তুফান চকলেট নামের আতশবাজি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৫ হাজার ২০০ টাকা।
উদ্ধার করা চা পাতা, তারাবাতি ও আতশবাজির মোট আনুমানিক মূল্য ১১ লাখ ১৪ হাজার ২০০ টাকা।
অন্যদিকে, উপজেলার হেমু হাউদপাড়া এলাকা থেকে একটি পুরোনো ভারতীয় ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।
সব মিলিয়ে পৃথক অভিযানে উদ্ধার ও জব্দ করা পণ্য এবং মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ১১ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অভিযানে উদ্ধার করা ভারতীয় পণ্য ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।