Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সারাদেশে রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
মিয়ানমার থেকে পাচারের সময় ধাওয়া দিয়ে আটক, উদ্ধার ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা

উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

১৭ নভেম্বর ২০২৬ • ০১:৫৫ অপরাহ্ন

কক্সবাজার :

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।


মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মিজানের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।


আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি এলাকার বাসিন্দা মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই এলাকার বাসিন্দা মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।


বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় মিয়ানমারের দিক থেকে হাতে পোটলা নিয়ে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। পরে তাঁদের থামার নির্দেশ দিলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হন।


পরে আটক ব্যক্তিদের বহন করা তিনটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন ইয়াবা উদ্ধার করা হয়। এসব কার্টনে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।


বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।


উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবা সরবরাহকারী এবং এ চোরাকারবারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com