Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ১১:৩১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা করায় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট বিএনপির অভিনন্দন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ১১:৩১ পূর্বাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:


সিলেটের জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা এ অভিনন্দন জানান।


গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক যোগাযোগবিষয়ক সম্পাদক ও ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল।


সভায় বক্তারা বলেন, জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিনন্দন ও কৃতজ্ঞতার দাবিদার।


সভায় গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।


এ ছাড়া আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচি প্রতিহত করতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।


বক্তারা আরও বলেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল, মিটিংসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি ডিসেম্বরজুড়ে বিএনপির ঘোষিত সব কর্মসূচি সফল করতে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।


সভায় গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com