জকিগঞ্জ :
সিলেটের জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্যসহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সোমবার (১৬ নভেম্বর) সিলেট জেলার জকিগঞ্জ থানা, জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট এবং সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ তিন নদীর মোহনা এলাকা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিদর্শনের শুরুতে ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জকিগঞ্জ থানায় পৌঁছালে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সিলেট জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
সালামি গ্রহণ শেষে তিনি থানার সার্বিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র ও বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন। পাশাপাশি হাজতখানাসহ থানার গুরুত্বপূর্ণ স্থাপনা ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডিআইজি। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
পরে ডিআইজি জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। সেখানে ইমিগ্রেশন কার্যক্রম, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি জকিগঞ্জ সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ তিন নদীর মোহনা এলাকা ঘুরে দেখেন। এ সময় সীমান্ত দিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
পরিদর্শনকালে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ইমিগ্রেশন চেকপোস্টের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।