Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাটে পুলিশের টানা অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

১৭ নভেম্বর ২০২৬ • ০২:৩৪ পূর্বাহ্ন

কানাইঘাট:

সিলেটের কানাইঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েক দিনের বিশেষ অভিযানে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন।


সোমবার (১৬ নভেম্বর) পর্যন্ত এসব গ্রেপ্তারের তথ্য জানা গেছে। পুলিশ জানায়, শনিবার রাতে ও রোববার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি সদস্য মজির উদ্দিন, কানাইঘাট পৌর আওয়ামী লীগের সহসভাপতি সেলিম উদ্দিন, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, পৌর ছাত্রলীগ নেতা বাপ্পু আহমদ এবং দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিল আহমদ।


এর আগে গত বুধবার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া কয়েক দিনের অভিযানে ছাত্রলীগের সক্রিয় নেতা জুয়েল আহমদ, আব্দুল মৌলা ও সুহেল রানা, যুবলীগ নেতা জুয়েল আহমদ এবং সাবেক ছাত্রলীগ নেতা সুলতানুল করিমকে গ্রেপ্তার করে পুলিশ।


কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


এদিকে শনিবার রাতে কানাইঘাটের কোনো এক স্থানে মুখোশ পরা ১৫ থেকে ২০ জনের একটি দল মশাল মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে। স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে আয়োজিত ওই মিছিলে ‘শেখ হাসিনা ফিরে আসবে’ স্লোগান দেওয়া হয়। পাশাপাশি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং সাবেক মেয়র আনোয়ারুজ্জামানকে নিয়ে স্লোগানও শোনা যায়।


মিছিলের প্রায় দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে মিছিলটি কানাইঘাটের ঠিক কোন এলাকায় অনুষ্ঠিত হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।


এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com