Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ১১:০৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি ব্যবস্থা, তিন দিনে আটক ৩

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ১১:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের সীমান্তবর্তী দুর্গম এলাকায় মানব পাচার, মাদক ও গরু চোরাচালানসহ অবৈধ সীমান্ত পারাপার রোধে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। সীমান্তের পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় দূরনিয়ন্ত্রিত ও সেন্সরভিত্তিক সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও সোলার লাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে গত তিন দিনে চিহ্নিত মানব পাচার ও মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।


বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের বাল্লা, দুধপাতিল, নিউ বাল্লা আইসিপি, গুইবিল ও চিমটিবিল এলাকায় এসব আধুনিক নজরদারি সরঞ্জাম স্থাপন করা হয়েছে। এর ফলে এলাকাগুলো এখন ২৪ ঘণ্টা নজরদারির আওতায় এসেছে। ক্যামেরার মাধ্যমে দিন-রাত যেকোনো সময় সীমান্তের অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করা সম্ভব হবে। প্রয়োজনে ক্যামেরা জুম করে সন্দেহভাজন ব্যক্তিদের চেহারাও শনাক্ত করা যাবে।


বিজিবির ধারণা, প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থা সীমান্তের নিরাপত্তা জোরদারের পাশাপাশি মানব পাচার, গরু চোরাচালান ও অবৈধ পারাপার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এদিকে সীমান্ত এলাকার চিহ্নিত মানব পাচারকারী ও চোরাচালানকারীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান জোরদার করেছে ৫৫ বিজিবি। এরই ধারাবাহিকতায় গত তিন দিনে বিজিবি ও পুলিশের যৌথ সহযোগিতায় তিনজনকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, আটক ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি এবং মানব পাচার ও মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে।


সীমান্তে অপরাধ দমনে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত ঝটিকা অভিযান পরিচালনা এবং সীমান্ত এলাকায় টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।


বিজিবি জানায়, এসব পদক্ষেপের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক কারবার ও অপরাধী চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে কাজ চলছে। নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।


এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার আমাদের নজরদারি সক্ষমতাকে বহুগুণ বাড়িয়েছে। মানব পাচার, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে।”


তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে সীমান্তবর্তী জনসাধারণের সার্বিক সহযোগিতা প্রয়োজন।


নভেম্বরের অভিযানে দুই কোটি টাকার বেশি পণ্য জব্দ


উল্লেখ্য, চলতি বছরের ১ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে।


এসব অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা, ১০ বোতল মদ, ২৯ ক্যান বিয়ার, ৮ লিটার বাংলা মদ, ১৯৫ কেজি ভারতীয় চা-পাতা, ৭৯ হাজার ৯২০ পিস কসমেটিকস সামগ্রী, ২১টি গরু এবং অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।


জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ১ লাখ ৯ হাজার টাকা। এসব অভিযানে চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


সীমান্ত সুরক্ষা, মাদক ও মানব পাচার প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ৫৫ বিজিবি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৬.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com