Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ট্রাক থেকে ২০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬ নভেম্বর ২০২৬ • ১১:৫৩ পূর্বাহ্ন

সিলেট : সিলেট নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২০০ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া, সুলতানপুর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মো. সমসু মিয়া (৪২) এবং মৌলভীবাজার সদর থানার বশিকজোড়া এলাকার মৃত মো. রশিদ গাজীর ছেলে মো. পারভেজ (২৮)।


গত ১২ নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল সিলেটের শাহজালাল মাজার গেট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি ট্রাকে করে মাদকের চালান সিলেট নগরীর দিকে আনা হচ্ছে।


এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে কোতোয়ালি মডেল থানাধীন পূর্ব সুবিদবাজারের ফাজিল চিশত এলাকায় জেসি ট্রাস্ট হাউজ মার্কেটের সামনে সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়।


এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে এসআরবি সদস্যরা তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ট্রাকে মাদকদ্রব্য থাকার কথা জানান।


পরবর্তীতে বিধি অনুযায়ী ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকের বডির মাঝামাঝি অংশে বিশেষভাবে রাখা দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০০টি করে মোট ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল (FAIRDYL) সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।


এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ফেয়ারডিল সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।


এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের এবং জব্দ করা আলামত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ ১৩ নভেম্বর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com