গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে ব্যাংকঋণ পাইয়ে দেওয়া এবং ছেলেকে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও স্বাক্ষরিত ফাঁকা চেক নেওয়ার অভিযোগে এক রাজনৈতিক নেতাসহ দুজনের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি মো. আবুল হাশেম ও তাঁর ছেলে গোলাম রাব্বী। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
গত ৩ আগস্ট সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত নং-১০)-এ মামলাটি দায়ের করেন গোয়াইনঘাট উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল এলাকার বাসিন্দা মো. মঙ্গল মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আবুল হাশেম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় বসবাস করেন। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় তাঁর ছেলে গোলাম রাব্বীকেও সহযোগী আসামি করা হয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, আবুল হাশেম ঢাকা থেকে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র বিছনাকান্দি বেড়াতে আসেন। এ সময় পীরের বাজার থেকে বাদী মঙ্গল মিয়ার নৌকা ভাড়া করে পর্যটনকেন্দ্রে যান তিনি। ঘোরাঘুরি শেষে ফেরার পথে নামাজ পড়ার কথা বলে মঙ্গল মিয়ার বাড়িতে যান। সেখানে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। এর প্রায় এক সপ্তাহ পর তিনি আবারও মঙ্গল মিয়ার বাড়িতে যান।
পরিচয়ের সূত্র ধরে আবুল হাশেম নিজেকে একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে মঙ্গল মিয়া ও তাঁর পরিবারের আস্থা অর্জন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ব্যবসার জন্য ১০৬ কোটি টাকার ব্যাংকঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। পরে মঙ্গল মিয়ার ছেলেকে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রলোভন দেখান।
এজাহারে বলা হয়, এসব কাজ সম্পন্ন করার কথা বলে অভিযুক্তরা ভুক্তভোগীর কাছে মোট আট লাখ টাকা দাবি করেন। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে তিনটি হিসাব খুলে সেসব হিসাবের বিপরীতে স্বাক্ষরিত ফাঁকা চেকের পাতা দেওয়ার শর্ত দেন।
অভিযোগ অনুযায়ী, আবুল হাশেমের কথামতো মঙ্গল মিয়া সিলেটের জিন্দাবাজার শাখায় নিজের ও ছেলের নামে দুটি এবং স্ত্রীর নামে জনতা ব্যাংকে একটি হিসাব খোলেন। পরে তিনটি হিসাবের স্বাক্ষরিত ফাঁকা চেকের পাতা অভিযুক্তদের হাতে তুলে দেন। কিন্তু প্রতিশ্রুত ব্যাংকঋণ কিংবা বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা না করে টাকা ও চেক আত্মসাৎ করে প্রতারণা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
মামলার এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, পরবর্তী সময়ে ওই চেক ব্যবহার করে ঢাকার সিএম আদালতে মঙ্গল মিয়া ও তাঁর ছেলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। বর্তমানে ওই মামলাগুলোতে নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে তাঁদের।
মামলার শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদীর জবানবন্দি গ্রহণ করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা বিবেচনায় আদালত গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।”
তবে মামলার অভিযোগগুলো এখনো তদন্তাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিদের দোষী সাব্যস্ত করার সুযোগ নেই।