ছাতকে নিজ বাড়ি থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, দুই মামলার আসামি
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মিফতাহ উদ্দিন ওয়াহিদ (২৫) নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিফতাহ উদ্দিন ওয়াহিদ উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রউফ মিয়ার ছেলে। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল ও এসআই আব্দুল বাতেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মিফতাহ উদ্দিন ওয়াহিদ ছাতক থানায় দায়ের করা দ্রুত বিচার আইনের দুটি মামলার আসামি। মামলাগুলোর নম্বর ১৬ (৮) ২৬ ও ২৪ (১১)।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন (পিপিএম) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।