মৌলভীবাজার প্রতিনিধি:
দীর্ঘ ২৮ বছরের পথচলা পূর্ণ করেছে জাতীয় দৈনিক ভোরের চেতনা। পত্রিকাটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীলতা এবং জনস্বার্থে সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডের রাকিন টি-তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
দৈনিক ভোরের চেতনার শ্রীমঙ্গল প্রতিনিধি প্রধান শাহাদাত হোসেন অপুর সভাপতিত্বে এবং নূর মোহাম্মদ সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আখতার হোসেন মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আখতার হোসেন মিন্টু বলেন, একটি সংবাদপত্রের সাফল্য কেবল নিয়মিত প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের আস্থা অর্জন এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার মধ্যেই এর প্রকৃত সার্থকতা। দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৮ বছর ধরে দেশের মানুষের কথা, অধিকার ও প্রত্যাশা তুলে ধরার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা প্রশংসনীয়।
তিনি বলেন, গণতন্ত্র, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন সংবাদমাধ্যমের বিকল্প নেই। সাংবাদিকতা যেন কোনো চাপ বা প্রতিবন্ধকতার কাছে নতিস্বীকার না করে, সে জন্য সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষের সমস্যা, অনিয়ম ও অধিকারবঞ্চনার বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে সংবাদমাধ্যমে তুলে ধরতে হবে।
বক্তব্যের একপর্যায়ে তিনি দৈনিক ভোরের চেতনার সঙ্গে যুক্ত সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। পাশাপাশি পত্রিকাটির আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে উপস্থিত অতিথিরা পত্রিকাটির ২৮ বছরের পথচলাকে স্মরণ করেন।