ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। বাইরে থেকে আধুনিক হাসপাতালের অবকাঠামো চোখে পড়লেও ভেতরের চিত্র ভিন্ন। চিকিৎসক, নার্স, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্টসহ প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। ফলে হাসপাতাল থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। অনেক রোগীকেই উন্নত চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে সিলেট শহরে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মেডিকেল অফিসারের অনুমোদিত ৩৩টি পদের বিপরীতে পদায়ন রয়েছেন মাত্র ১৪ জন। তাঁদের মধ্যে ছয়জন সংযুক্তিতে অন্যত্র কর্মরত থাকায় হাসপাতালে বাস্তবে কর্মরত চিকিৎসকের সংখ্যা আরও কম। চিকিৎসকদের মধ্যে ডা. মনিকা বিশ্বাস ফেঞ্চুগঞ্জে সংযুক্তিতে রয়েছেন। গুরুত্বপূর্ণ আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পদটিও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে জরুরি বিভাগ, ভর্তি রোগীদের চিকিৎসা ও রাতের চিকিৎসাসেবা পরিচালনায় সমস্যা হচ্ছে।
সিনিয়র স্টাফ নার্সের অনুমোদিত ২৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র সাতজন। এই অল্পসংখ্যক নার্স দিয়ে জরুরি বিভাগ, ওয়ার্ড, প্রসূতি ও বহির্বিভাগের সেবা চালাতে হচ্ছে।
এ ছাড়া মিডওয়াইফ পদ সম্পূর্ণ শূন্য থাকায় প্রসূতি মায়েদের স্বাভাবিক প্রসবসেবা ব্যাহত হচ্ছে। মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় ল্যাবরেটরি পরীক্ষার কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। রেডিওগ্রাফার জৈন্তাপুরে সংযুক্তিতে থাকায় এক্স-রে সেবাও পাচ্ছেন না রোগীরা।
স্বাস্থ্য সহকারীর ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২২ জন। শূন্য রয়েছে ১১টি পদ। এতে গ্রাম পর্যায়ে টিকাদান, স্বাস্থ্য সচেতনতা ও মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা পরিচালনায় সংকট তৈরি হয়েছে। অন্যদিকে স্টোরকিপার, ওয়ার্ডবয় ও আয়া পদে কোনো জনবল নেই। অফিস সহকারীর তিনটি পদের মধ্যে দুটি পদই শূন্য। ফলে চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের প্রশাসনিক ও সহায়ক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
স্থানীয় রোগী ও স্বজনদের অভিযোগ, জ্বর, ডায়রিয়া, প্রসবব্যথা কিংবা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে গেলে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসক ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে তাঁদের সিলেট শহরের বিভিন্ন হাসপাতালে যেতে হয়। এতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষকে বাড়তি অর্থনৈতিক চাপের মুখে পড়তে হচ্ছে।
এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের বাড়ির পাশে এত বড় হাসপাতাল রয়েছে, অথচ প্রয়োজনের সময় চিকিৎসক পাওয়া যায় না। গরিব মানুষের পক্ষে বারবার সিলেট শহরে গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। তাহলে এই হাসপাতাল আমাদের কী কাজে আসবে?’
আরেক রোগীর স্বজন বলেন, ‘একটি এক্স-রে কিংবা সাধারণ রক্ত পরীক্ষার জন্যও সিলেটে যেতে হচ্ছে। এত বড় ভবন নির্মাণ করে লাভ কী, যদি প্রয়োজনীয় চিকিৎসাসেবাই না পাওয়া যায়?’
শুধু জনবল সংকট নয়, হাসপাতালের ভবন ও অবকাঠামোগত কিছু কাজও এখনো অসম্পূর্ণ রয়েছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) জাকিয়া সুলতানা জানিয়েছেন, লাইটিং, রাস্তা ও অন্যান্য অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মইনুল আহসান বলেন, ‘জনবল সংকটের কারণে আমরা চাইলেও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দিতে পারছি না। শূন্য পদ পূরণ এবং সংযুক্তিতে থাকা জনবল ফিরিয়ে আনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। আশা করছি, দ্রুত এ সমস্যার সমাধান হবে।’
এদিকে হাসপাতালটির পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত শূন্য পদে চিকিৎসক ও নার্স নিয়োগ, সংযুক্তিতে থাকা চিকিৎসকদের নিজ কর্মস্থলে ফিরিয়ে আনা, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার, স্টোরকিপার, ওয়ার্ডবয় ও আয়া নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি এক্স-রে মেশিন, ল্যাবরেটরি সরঞ্জাম ও জরুরি চিকিৎসা উপকরণ সরবরাহ করে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবি তাঁদের।
সচেতন মহলের মতে, একটি হাসপাতাল নির্মাণ করলেই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় না। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, দক্ষ জনবল, আধুনিক যন্ত্রপাতি ও কার্যকর ব্যবস্থাপনা ছাড়া হাসপাতালের অবকাঠামো মানুষের কোনো কাজে আসে না। ওসমানীনগরের প্রায় তিন লাখ মানুষের প্রত্যাশা—নামসর্বস্ব নয়, তাঁরা চান বাস্তব ও মানসম্মত চিকিৎসাসেবা।