Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

দুবাই থেকে ফিরেই বিমানবন্দরে আটক, শরীরে মিলল চারটি স্বর্ণের ডিম!

১৫ নভেম্বর ২০২৬ • ০৬:১৯ অপরাহ্ন

অনলাইন:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরের ভেতরে লুকানো চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং অন্তর্বাসে মাখানো স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা এসব বস্তুর মোট ওজন প্রায় এক কেজি। প্রাথমিক হিসাবে এর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।


রোববার (১৫ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা হাসান মিয়া নামের ওই যাত্রীর কাছ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ জানায়, ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় পৌঁছান হাসান মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে তাঁর ওপর নজরদারি শুরু করেন কাস্টমস গোয়েন্দারা।


পরবর্তী সময়ে এক্স-রে পরীক্ষায় তাঁর রেক্টামে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়।


এ ছাড়া তাঁর পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক হাজার গ্রাম।


তবে উদ্ধার করা এসব বস্তুর মধ্যে প্রকৃত স্বর্ণের পরিমাণ কত এবং সেগুলোর বিশুদ্ধতা কেমন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা ও পরিশোধন প্রক্রিয়া শেষে প্রকৃত স্বর্ণের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটির সদস্যদের শনাক্ত করা এবং এর নেপথ্যে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।


প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। 

বিজ্ঞাপন channeljaintanews24.com