Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন চিফ প্রসিকিউটরের

১৫ নভেম্বর ২০২৬ • ০৬:১২ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের পরামর্শকে ‘উদ্ভট’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।


রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের বিদ্যমান আইনে একই অপরাধে দ্বিতীয়বার বিচার বা ‘ডি নোভো ট্রায়াল’-এর কোনো সুযোগ নেই।


চিফ প্রসিকিউটর বলেন, ভারত নিজ দেশেই ডি নোভো ট্রায়ালের বিধান বাতিল করেছে। বাংলাদেশ ও পাকিস্তানেও বর্তমানে এ ধরনের বিধান নেই। যে দেশ নিজেরা এ পদ্ধতি অনুসরণ করে না, তারা কীভাবে বাংলাদেশকে পুনর্বিচারের পরামর্শ দেয়—এ প্রশ্ন তোলেন তিনি।


ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, শেখ হাসিনা যখন ভারতে অবস্থান করছেন এবং তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলছিল, তখন কেন তাঁকে বাংলাদেশে ফিরে এসে বিচার মোকাবিলা করতে বলা হয়নি? কেন নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার পরামর্শ দেওয়া হয়নি? আপিলের সময়সীমা পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ধরনের বক্তব্য রাষ্ট্রপক্ষ প্রত্যাখ্যান করছে।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর নির্ধারিত সময় ইতোমধ্যে শেষ হয়েছে। ফলে নতুন করে আপিলের সুযোগ দেওয়ার এখতিয়ার সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও নেই বলে তিনি জানান।


তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সালে এবং এর অধীনে বিচার পরিচালনার বিধিমালা ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত হয়। বর্তমান সরকার আপিলসংক্রান্ত বিধানে কোনো পরিবর্তন আনেনি। বিদ্যমান আইন অনুসারেই বিচারপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে।


উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড পান।

তথ্যসূত্র

বাংলা ট্রিবিউন –


বিজ্ঞাপন channeljaintanews24.com