Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে ৮৩৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা, কেজি ৩৫ টাকা

১৫ নভেম্বর ২০২৬ • ১১:০২ পূর্বাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৮৩৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে সংগ্রহ করা হবে।


শনিবার (১৪ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলা খাদ্যগুদাম কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম।


উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রঞ্জন চক্রবর্তী, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, কারিগরি খাদ্য পরিদর্শক আব্দুস শহিদ মাহবুব, বিএনপি নেতা আব্দুস শুক্কুর মেম্বারসহ স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে গোয়াইনঘাট উপজেলায় ৮৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি আমন ধান ৩৫ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তালিকাভুক্ত প্রকৃত কৃষকদের কাছ থেকে নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে আমন ধান সংগ্রহ করা হবে। এ ক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগী কিংবা সিন্ডিকেট যাতে কৃষকদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে খাদ্য বিভাগের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে।


তারা আরও জানান, সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের সরকারি খাদ্য মজুত সমৃদ্ধ করা। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষক ও স্থানীয় সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com