দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫, মৌমিকে উপহার দিলেন বিভাগীয় কমিশনার
সিলেট :
দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় সিলেটের কৃতী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমিকে শুভেচ্ছা ও উপহার দিয়েছেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। মৌমির অদম্য ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস ও সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, চোখে দৃষ্টিশক্তি না থাকলেও স্বপ্ন দেখার কোনো সীমাবদ্ধতা নেই।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর দক্ষিণ সুরমার আলমপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
জিডিএফের মহাসচিব বায়জিদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিভাগীয় কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বিভাগীয় কমিশনার মৌমিকে শুভেচ্ছা জানিয়ে উপহার প্রদান করেন।
মশিউর রহমান বলেন, দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫ অর্জন করায় মৌমিকে সর্বমহল থেকে শুভেচ্ছা জানানো সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। চোখে নেই দৃষ্টিশক্তি, দেখতে পাচ্ছে না পৃথিবীর আলো; তবুও স্বপ্ন দেখার সীমাবদ্ধতা নেই। সব প্রতিকূলতা পেছনে ফেলে মনের শক্তি ও আত্মবিশ্বাস নিয়ে মৌমির এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়।
তিনি আরও বলেন, মানবসেবামূলক প্রতিষ্ঠান গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি মৌমির সাফল্য অনুসরণ করে অন্যান্য প্রতিবন্ধী শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
সাক্ষাৎকালে জিডিএফের নেতৃবৃন্দ বিদ্যালয়ের দীর্ঘমেয়াদি ও স্থায়ী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং একটি আধুনিক ভবন নির্মাণের দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে আবেদন জমা দেন। আবেদনটি গ্রহণ করে বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বিভাগীয় কমিশনার। একই সঙ্গে তিনি জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় জিডিএফের নির্বাহী পরিচালক সৈয়দ মাহমুদুল হক, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি এবং কৃতী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে জিডিএফের মহাসচিব বায়জিদ খান বিভাগীয় কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাহমিনা আক্তার মৌমির মতো আরও অনেক শিক্ষার্থী গড়ে তুলতে সরকার বরাদ্দকৃত প্রতিষ্ঠানের জায়গা স্থায়ীকরণ, ভবন নির্মাণসহ সার্বিক সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।