অপরাধীদের জামিনে বেরিয়ে ফের অপরাধের সুযোগ দেওয়া যাবে না: বাণিজ্যমন্ত্রী
সিলেট :
মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেছেন, এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে। আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে অপরাধীরা যাতে সহজে জামিন পেয়ে আবারও অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সরকারি আইন কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট সার্কিট হাউসে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত নবনিযুক্ত পিপি ও জিপিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদকাসক্তি একজন ব্যক্তির জীবনই শুধু ধ্বংস করে না, এর ক্ষতিকর প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও। সমাজে সংঘটিত অপরাধের উল্লেখযোগ্য অংশের সঙ্গে মাদকের সম্পৃক্ততা রয়েছে। অন্যদিকে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। সারাদিনের উপার্জন জুয়ায় হারিয়ে অনেকেই পরিবারকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছেন। বিশেষ করে স্ত্রী ও সন্তানদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং অনলাইন জুয়ার বিস্তার ঠেকানো এখন অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সরকারি আইন কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
নবনিযুক্ত পিপি, জিপি, এজিপি ও এপিপিদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিচারপ্রার্থী মানুষের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল। তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করা সরকারি আইন কর্মকর্তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আইনি অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি সাধারণ মানুষ যেন বিচার পেতে হয়রানির শিকার না হন, সেদিকেও নজর দিতে হবে।
রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শের কারণে কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ করা যাবে না। তবে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাস, দখলদারত্ব, নির্যাতন ও মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যথাযথ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে। এসব অপরাধের ক্ষেত্রে কোনো আপসের সুযোগ নেই।
সরকারি আইন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা পিপি আশিক উদ্দিন, পিপি মমিনুল ইসলাম মমিনসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
এর আগে মন্ত্রী সিলেট নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় চলমান সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন।