ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ইলাশপুর গ্রামের সড়ক থেকে তাঁদের আটক করা হয়। পরে শুক্রবার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—ইলাশপুর গ্রামের সুমন আলীর ছেলে মারুফ মিয়া (২০), অজিত দেবের ছেলে অয়ন দেব (২৮) এবং শাওন করের ছেলে বাধন কর (১৬)। তাঁদের মধ্যে বাধন কর নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ইলাশপুর এলাকায় হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শুনতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি পুলিশকে জানানো হলে ওসমানীনগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।
এদিকে, একটি সূত্র জানিয়েছে, আটক তিনজনের কেউই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নন।
তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৮টা ৩৯ মিনিটে সিলেটভিউ২৪-এ এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।