Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০৭:১৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ইয়াবা কারবারিদের গুলি, পাল্টা জবাব বিজিবির; উদ্ধার ৮ লাখ ৯০ হাজার পিস

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০৭:১৪ অপরাহ্ন

অনলাইন ডেস্ক :

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে মাদকবিরোধী তিনটি পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের বিস্তারিত তথ্য জানান।


বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির সদস্যরা অভিযান পরিচালনার প্রস্তুতি নেন। একপর্যায়ে নৌকা থেকে কয়েকজন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়াবনের ভেতরে অবস্থান নেন।


খবর পেয়ে বিজিবির একটি টহল দল স্পিডবোট নিয়ে ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে মাদক কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালিয়ে সামনে এগিয়ে যায়। একপর্যায়ে মাদক কারবারিরা ইয়াবাভর্তি বস্তাগুলো পানিতে ফেলে নৌকাযোগে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।


পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ছোট-বড় ১০টি বস্তা থেকে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।


এদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


অন্যদিকে, রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. হোসাইন (২০) নামে আরেক যুবককে আটক করে বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


বিজিবির তথ্য অনুযায়ী, হ্নীলা, পালংখালী ও হোয়াইক্যং এলাকায় পরিচালিত তিনটি অভিযানে সর্বমোট ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।


৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সক্রিয় মাদক কারবারি ও চোরাচালানকারীদের অবস্থান এবং তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com