Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফিনলের খেজুরীছড়া চা বাগান

১৩ নভেম্বর ২০২৬ • ০৫:২৫ অপরাহ্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির মালিকানাধীন খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এতে বাগানের হাজারো চা শ্রমিক ও তাঁদের পরিবারের জীবিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফিনলে হাউস বালিশিরার চিফ এক্সিকিউটিভ অফিসার (এস্টেটস) স্বাক্ষরিত এক অফিস আদেশে বাগান ও কারখানা বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।


কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত খেজুরীছড়া চা বাগানের শ্রমিকদের একটি অংশ পূর্বঘোষণা ছাড়াই ধর্মঘট পালন করেন। পরবর্তী সময়ে ১২ নভেম্বর শ্রমিকেরা কাজে যোগ দেননি। এ ছাড়া ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা এবং সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি-ধমকি দিয়ে কর্মস্থল থেকে বের করে আনার অভিযোগ করা হয়েছে।


নোটিশে আরও উল্লেখ করা হয়, বাগানে অস্থিতিশীল পরিবেশ ও বিশৃঙ্খলার কারণে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১৩ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধের সময়ে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।


তবে জরুরি সেবা ও বাগানের সম্পত্তি রক্ষার স্বার্থে পলিপ্যাক কারখানা, ডিনস্টন সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোর, নিরাপত্তাকর্মী, চৌকিদার, বাংলো, স্টাফ কোয়ার্টার এবং মেডিকেল বিভাগে কর্মরত নির্দিষ্ট স্থায়ী শ্রমিকেরা এ বন্ধের আওতামুক্ত থাকবেন।


এদিকে শ্রমিকদের অভিযোগ, কার্তিক মাস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও তাঁরা বাগানে ধর্মীয় কীর্তনের আয়োজন করেন। কিন্তু বাগান কর্তৃপক্ষ এ আয়োজনে বাধা দেয় এবং প্যান্ডেল ও মন্দির অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজারকে (ডিজিএম) প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন।


অন্যদিকে বাগানের ডিজিএম হুমায়ুন কবির শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া বা মন্দির সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তাঁর ভাষ্য, কারখানার প্রধান ফটকের সামনের রাস্তা বন্ধ করে টানা ৩০ দিন কীর্তনের আয়োজন করা হয়েছিল, এতে স্বাভাবিক চলাচল ও কারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছিল।


এ বিষয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্দ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা কাজ করবেন।


বাগান বন্ধের ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত শ্রমিক ও বাগান কর্তৃপক্ষের মধ্যে আলোচনা করে বিরোধ নিষ্পত্তি এবং বাগানের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন channeljaintanews24.com