Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০২:৪২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

ছাতকে পিতা-কন্যাকে জড়িয়ে এআই দিয়ে অপপ্রচার, সাইবার ট্রাইব্যুনালে মামলা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০২:৪২ পূর্বাহ্ন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিতা ও কন্যাকে জড়িয়ে মানহানিকর ও আপত্তিকর পোস্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে সম্পাদিত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য সুনামগঞ্জের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।


গত ১০ নভেম্বর সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর ৩৪/২৬। ছাতক উপজেলার কুচবাড়ী গ্রামের রাজা মিয়ার ছেলে সাগর আহমদ তাঁর বাবা ও বোনের পক্ষে বাদী হয়ে মামলাটি করেন।


মামলার অভিযোগে বলা হয়, গত ৩ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে কয়েকটি ফেসবুক আইডি ও একটি পেজ থেকে বাদীর পরিবারের সদস্যদের জড়িয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়। এসব পোস্টে বিভ্রান্তিকর তথ্য, আপত্তিকর মন্তব্য এবং এআই প্রযুক্তিতে সম্পাদিত ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।


অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ ও পোস্টগুলো শেয়ার করার মাধ্যমে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে বাদীর দাবি।


বাদীর অভিযোগ, তাঁর বাবা ও বোনকে জড়িয়ে মিথ্যা ও আপত্তিকর বক্তব্য প্রচারের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক চাপ সৃষ্টির অভিযোগও আনা হয়েছে। এসব পোস্ট ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।


মামলার এজাহারে অভিযুক্তদের নামের পাশাপাশি সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজের লিংক উল্লেখ করা হয়েছে। অভিযোগের সমর্থনে মানহানিকর পোস্টের স্থিরচিত্র এবং একটি পেনড্রাইভ আদালতে জমা দিয়েছেন বাদী।


বাদী সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগটি আমলে নিয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সুনামগঞ্জের সিআইডি পুলিশকে নির্দেশ দেন।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বারের আইনজীবী অ্যাডভোকেট সজল হোসেন।


এদিকে, মামলার তদন্তের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পোস্ট ও এআই সম্পাদিত ছবির প্রকৃত উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com