শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
‘কুরআনুল কারিমের নূর ছড়িয়ে পড়ুক বিশ্বময়’—এই প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জে মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দুই বিভাগে প্রতিযোগিতা শেষে ২০ জন মেধাবী প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শান্তিগঞ্জের অভিজাত ঝিলমিল অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মোহাম্মদ নূর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন ও হাফিজ মাওলানা হোসাইন আহমদ। এতে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিযোগিতায় শান্তিগঞ্জসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাফেজরা নিজ নিজ কণ্ঠে পবিত্র কুরআনের আয়াত তেলাওয়াত করেন। তাঁদের সুমধুর তেলাওয়াতে মুগ্ধ হন উপস্থিত শ্রোতা ও দর্শকেরা।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে দুটি পৃথক বিভাগে মোট ২০ জন মেধাবী প্রতিযোগীকে বিজয়ী নির্বাচিত করা হয়। পরে বিজয়ীদের হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন, কুরআনের হাফেজরা সমাজের আলোকবর্তিকা। নতুন প্রজন্মকে কুরআনমুখী করা এবং তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই তাঁদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুম হাজী সুন্দর আলীর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।