মাধবপুরে জগদীশপুর-অলিপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ, শিগগিরই শুরু হচ্ছে কাজ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
দীর্ঘদিনের বেহাল সড়ক আর জনদুর্ভোগের অবসান হতে যাচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ জগদীশপুর-নোয়াপাড়া-শাহাপুর-অলিপুর সড়কে। সড়কটির পুনর্নির্মাণ ও সার্বিক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের দরপত্র (টেন্ডার) প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী কয়েক দিনের মধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মাঠপর্যায়ে কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উদ্যোগ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের ধারাবাহিকতায় এ বরাদ্দ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অত্যন্ত প্রাচীন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বড় ধরনের সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সড়কের পিচ ও সুরকি উঠে গিয়ে বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়। বিশেষ করে গত বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
সড়কটির দুই পাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি বৃহৎ শিল্পকারখানা। ফলে প্রতিদিন এসব শিল্পপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শ্রমিক, কাঁচামাল পরিবহনে নিয়োজিত ভারী ট্রাক, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। একই সঙ্গে শিল্পকারখানার উৎপাদন ও পণ্য পরিবহন কার্যক্রমেও সড়কটির অবস্থা নেতিবাচক প্রভাব ফেলছিল।
এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল শুরুতে ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে সড়কের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অংশে ইট ও খোয়া ফেলে সাময়িকভাবে যান চলাচল সচল রাখার উদ্যোগ নেন। তবে সড়কটির স্থায়ী সমাধানের লক্ষ্যে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। এর ধারাবাহিকতায় সড়কটির পুনর্নির্মাণ ও উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
মাধবপুর উপজেলা প্রকৌশলী শামস জাবেদ জানান, সড়ক উন্নয়ন প্রকল্পের দরপত্র প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে উন্নয়নকাজ শুরু করা সম্ভব হবে।
স্থানীয় ইউপি সদস্য আরজু মিয়া বলেন, এই প্রাচীন সড়কটি পুরো অঞ্চলের শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, বর্তমান সরকার জনগণের ন্যায্য দাবি পূরণ ও দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে আন্তরিক। জগদীশপুর সড়কের উন্নয়নকাজের পাশাপাশি মাধবপুর ও চুনারুঘাট এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নেও ধারাবাহিকভাবে কাজ চলমান রয়েছে।
সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি শিল্পকারখানার পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন এলাকাবাসী।