Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটের উন্নয়নে সরকারের তিন পরিকল্পনা, গুরুত্ব পাচ্ছে জকিগঞ্জ-কানাইঘাট

১৩ নভেম্বর ২০২৬ • ০১:০৪ পূর্বাহ্ন

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে নদীভাঙনকবলিত এবং ভূমিহীন মানুষের পুনর্বাসনে সমন্বিত আদর্শগ্রাম নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে সুরমা ও কুশিয়ারা নদীর মোহনায় পর্যটনকেন্দ্র স্থাপন, নদীভিত্তিক পর্যটন চালু এবং বৃহত্তর সিলেটের পর্যটন খাতের উন্নয়নে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি হাওরাঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে সরকার।


বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের পৃথক তিনটি লিখিত প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব তথ্য জানান।


জকিগঞ্জ-কানাইঘাটে আদর্শগ্রাম নির্মাণের উদ্যোগ


সংসদে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান জানান, নদীভাঙনকবলিত ও ছিন্নমূল মানুষের পুনর্বাসনে ‘সমন্বিত আদর্শগ্রাম’ নামে নতুন একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ রয়েছে সরকারের। এ প্রকল্পে সিলেটের সব উপজেলা অন্তর্ভুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে।


প্রকল্পটি অনুমোদিত হলে জকিগঞ্জ ও কানাইঘাটসহ সিলেট-৫ আসনের নদীভাঙনকবলিত ও ছিন্নমূল মানুষের পুনর্বাসনে আদর্শগ্রাম নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে।


মন্ত্রী আরও জানান, দেশের ১২ হাজার ৮০০ ভূমিহীন, গৃহহীন ও ঠিকানাবিহীন পরিবারকে খাসজমিতে পুনর্বাসনের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠনের পর বর্তমানে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।


সুরমা-কুশিয়ারার মোহনায় পর্যটনকেন্দ্রের পরিকল্পনা


অন্যদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর মোহনায় পর্যটনকেন্দ্র স্থাপনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


সংসদে মুফতি আবুল হাসানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বৃহত্তর সিলেট ইকোট্যুরিজমের জন্য দেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল। এ অঞ্চলের নদী, হাওর, বন, চা-বাগান ও ধর্মীয় তীর্থস্থান দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে। সুরমা ও কুশিয়ারা নদীকে কেন্দ্র করে নদীভিত্তিক পর্যটন বিকাশেরও যথেষ্ট সুযোগ রয়েছে।


তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে সেখানে রিভার ক্রুজ আয়োজন, জেটি নির্মাণ, প্রমোদতরী ও ক্রুজ-শিপ চালুর পরিকল্পনা রয়েছে।


পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশ পর্যটন করপোরেশন ১৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৬০টি প্রকল্প নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এতে বৃহত্তর সিলেটের পর্যটন উন্নয়নের প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে।


হাওর সংরক্ষণে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা


এদিকে, হাওরাঞ্চলের পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।


সংসদে লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও মৌলভীবাজারের হাকালুকি হাওর প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত। এসব এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।


মন্ত্রী জানান, হাকালুকি হাওরে আটটি প্রকল্পের আওতায় ৭৪টি গ্রাম সংরক্ষণ দল গঠন, ৫০০ হেক্টর জলজ বন সংরক্ষণ এবং বিভিন্ন বিল ও খালে প্রায় ২০ হাজার জলজ গাছের চারা রোপণ করা হয়েছে। এ ছাড়া বিল-খাল পুনঃখনন ও জলাভূমি অভয়ারণ্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।


হাওরের বসতবাড়ি ও সম্পদ রক্ষায় নির্মাণ করা হয়েছে ১০টি সাবমার্জিবল বাঁধ। বাঁধের পাশে তৈরি করা হয়েছে সবুজ বেষ্টনী এবং স্থাপন করা হয়েছে সৌরবিদ্যুৎচালিত ২১টি সেচ পাম্প। প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল মানুষের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টিতে ক্ষুদ্র মূলধন অনুদানও দেওয়া হয়েছে।


এ ছাড়া হাকালুকি হাওরে ছয়টি প্রতিবেশ সংরক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে রয়েছে একটি করে জীববৈচিত্র্য জাদুঘর।


অন্যদিকে, টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশ ও জলাভূমির বাস্তুতন্ত্র সংরক্ষণে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত চার কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।


আঞ্চলিক উন্নয়নে নতুন সম্ভাবনা


সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাটে নদীভাঙনকবলিত এবং ভূমিহীন মানুষের পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি সুরমা-কুশিয়ারাকে কেন্দ্র করে পর্যটন অবকাঠামো গড়ে উঠলে বৃহত্তর সিলেটের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। হাওর সংরক্ষণের দীর্ঘমেয়াদি উদ্যোগ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন channeljaintanews24.com