সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের নিবন্ধন ও অনলাইন ডেটাবেইস তৈরি এবং মিথ্যা, বিভ্রান্তিকর ও হয়রানিমূলক সংবাদ প্রচারের বিরুদ্ধে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান যুক্ত করে ‘প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান এ তথ্য জানান।
স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার। এ লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব তৈরি করা হচ্ছে।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিলকে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ অনলাইন ডেটাবেইস তৈরির ক্ষমতা দেওয়া হতে পারে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করতে তাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও প্রেস কাউন্সিলকে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান যুক্ত করা হবে। বিশেষ করে মিথ্যা, হয়রানিমূলক এবং সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়গুলো এর আওতায় আসতে পারে।
এ ছাড়া গুজব, ভুয়া খবর, বিদ্বেষমূলক বক্তব্য কিংবা সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু এবং প্রয়োজনীয় আদেশ দেওয়ার ক্ষমতা প্রেস কাউন্সিলকে দেওয়ার প্রস্তাব রয়েছে।
এদিকে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, প্রকৃত সাংবাদিকদের ডেটাবেইস তৈরির বিষয়ে ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সরকার নিয়মিত আলোচনা ও পরামর্শ করছে।
প্রতিমন্ত্রী বলেন, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড নির্ধারণের উপযুক্ত পক্ষ সাংবাদিক সংগঠনগুলোই। কে কোন পেশায় আসবেন কিংবা মানুষ কীভাবে মতপ্রকাশ করবেন, তা সরকার নির্ধারণ করে দেবে—এমনটি সমীচীন নয়।
তিনি আরও বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। একই সঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তবে প্রস্তাবিত আইন সংশোধনের মাধ্যমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, নিবন্ধন ও শাস্তিমূলক ব্যবস্থার বিষয়গুলো কীভাবে চূড়ান্ত করা হবে, তা এখনো নির্ধারিত হয়নি।