বড়লেখায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর জামিন
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) রাতে বড়লেখা পৌরশহরের পাখিয়ালা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ তাঁকে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এ সময় তাঁর আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
জানা গেছে, রফিকুল ইসলাম সুন্দর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়ের করা একটি রাজনৈতিক মামলার ৩ নম্বর আসামি। এ ছাড়া সাম্প্রতিক একটি স্থানীয় মারামারির মামলাতেও তিনি আসামি হিসেবে রয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ তাঁর জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার পুলিশ স্কটের মাধ্যমে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে আদালত থেকে জামিন পাওয়ার ঘটনায় স্থানীয়ভাবে বিষয়টি আলোচনায় এসেছে।