Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

৪৫ বছর পর বড়চাতলের আটগ্রাম-১ কূপে তেল-গ্যাস অনুসন্ধানের দাবি সংসদে, মন্ত্রীর আশ্বাস

১২ নভেম্বর ২০২৬ • ১১:১৩ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট উপজেলার বড়চাতল এলাকায় প্রায় ৪৫ বছর আগে গ্যাস ও তরল হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া পরিত্যক্ত ‘আটগ্রাম-১’ কূপটি আধুনিক প্রযুক্তিতে পুনর্মূল্যায়ন করে নতুন করে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের মাধ্যমে বিষয়টি মন্ত্রীর নজরে আনেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য শাম্মী আক্তার। জবাবে মন্ত্রী বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করার আশ্বাস দেন।


কানাইঘাট উপজেলার ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়চাতল এলাকায় অবস্থিত কূপটি সরকারি নথিতে ‘আটগ্রাম-১’ নামে পরিচিত। জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সংলগ্ন এলাকায় অবস্থানের কারণে এর নামকরণ করা হয় আটগ্রাম কূপ।


সংসদে দাখিল করা নোটিশে শাম্মী আক্তার উল্লেখ করেন, কানাইঘাটের বড়চাতল এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরে ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মধ্যে তেল-গ্যাসের সম্ভাবনাময় একটি ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে এ অঞ্চলে অনুসন্ধান ও খনন কার্যক্রম গতি পায়। পরবর্তী সময়ে ১৯৮১ সালের ২৫ জুন পেট্রোবাংলা আনুষ্ঠানিকভাবে আটগ্রাম-১ কূপের খননকাজ শুরু করে।


নোটিশে দেওয়া তথ্য অনুযায়ী, কূপটি ১৬ হাজার ২৭৬ ফুট গভীরতা পর্যন্ত খনন করা হয়েছিল। খননকালে ছয়টি সম্ভাবনাময় ভূস্তরে প্রাকৃতিক গ্যাসের শক্তিশালী উপস্থিতি ও প্রবাহ পাওয়া যায়। পরীক্ষামূলকভাবে কূপটি থেকে দৈনিক গড়ে ০.১৫৭ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ১ হাজার ২৩৪ ব্যারেল তরল উপাদান পাওয়া যাচ্ছিল বলে নোটিশে উল্লেখ করা হয়।


তবে কিছুদিন পর ভূগর্ভস্থ চাপ কমে যাওয়ায় কূপটির স্বাভাবিক গ্যাস প্রবাহ বন্ধ হয়ে যায়। তৎকালীন প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও উত্তোলনের উচ্চ ব্যয়ের কারণে ১৯৮২ সালের ১০ জুন কূপটিকে বাণিজ্যিকভাবে অলাভজনক ঘোষণা করে পরিত্যক্ত করা হয়।


সংসদ সদস্য শাম্মী আক্তার মনে করেন, আশির দশকের অনুসন্ধান ও খনন প্রযুক্তির সঙ্গে বর্তমান সময়ের প্রযুক্তির ব্যাপক পার্থক্য রয়েছে। আধুনিক ত্রিমাত্রিক (থ্রিডি) সিসমিক জরিপ, উন্নত ভূতাত্ত্বিক বিশ্লেষণ, গভীর খনন এবং রিজার্ভার ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করে কূপটির প্রকৃত সম্ভাবনা নতুন করে যাচাই করা সম্ভব।


তিনি বলেন, অতীতে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়া অনেক তেল-গ্যাস ক্ষেত্র আধুনিক প্রযুক্তির সহায়তায় পুনরায় অনুসন্ধান ও উত্তোলনের আওতায় আসছে। ফলে কয়েক দশক আগে পরিত্যক্ত আটগ্রাম-১ কূপের ক্ষেত্রেও নতুন করে সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন।


দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, বৈদেশিক মুদ্রার ওপর চাপ এবং আমদানিনির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি দেশীয় জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, আটগ্রাম-১ কূপে অতীতে গ্যাস ও তরল হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়ার তথ্য থাকায় আধুনিক প্রযুক্তিতে পুনর্মূল্যায়ন করা হলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।


এ লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে অথবা অভিজ্ঞ বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগে (জয়েন্ট ভেঞ্চার) কূপটির এলাকায় আধুনিক ত্রিমাত্রিক সিসমিক জরিপ পরিচালনা, পুনরায় অনুসন্ধান এবং উত্তোলনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।


দীর্ঘদিন ধরে কানাইঘাট-জকিগঞ্জসহ সিলেট অঞ্চলের মানুষের প্রত্যাশার সঙ্গে জড়িয়ে থাকা আটগ্রাম-১ কূপটি পুনরায় অনুসন্ধানের বিষয়ে মন্ত্রীর আশ্বাস স্থানীয় মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তবে কূপটির প্রকৃত মজুত, বাণিজ্যিক সম্ভাবনা ও উত্তোলনযোগ্যতা নির্ধারণে আধুনিক প্রযুক্তিতে পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন প্রয়োজন।

বিজ্ঞাপন channeljaintanews24.com