Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলেই বাতিল হতে পারে প্রার্থিতা, নতুন ক্ষমতা পেল ইসি

১২ নভেম্বর ২০২৬ • ১২:০৮ অপরাহ্ন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কোনো প্রার্থী কিংবা তাঁর নির্বাচনি এজেন্টের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে কমিশন। তদন্তে অভিযোগের সত্যতা পেলে লিখিত আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি।


বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬ সংশোধন করে এ বিধান যুক্ত করা হয়েছে।


নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা এস. আর. ও. নং ৪০৪-আইন/২০২৬ নম্বর প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২০ ধারার উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬-এর ৩২ বিধির উপবিধি (১) ও (২) প্রতিস্থাপন করা হয়েছে।


সংশোধিত বিধান অনুযায়ী, কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড কিংবা লিখিত রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে যদি প্রতীয়মান হয় যে চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী অথবা তাঁর নির্বাচনি এজেন্ট আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করেছেন কিংবা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে।


এ ছাড়া তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কমিশন যদি নিশ্চিত হয় যে সংশ্লিষ্ট প্রার্থী, তাঁর নির্বাচনি এজেন্ট অথবা তাঁর নির্দেশে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আচরণবিধি লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন লিখিত আদেশের মাধ্যমে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে শুধু প্রার্থীর নিজস্ব কর্মকাণ্ডই নয়, তাঁর নির্দেশনা, পক্ষে কাজ করা কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।


নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।


রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে প্রকাশিত গেজেটের ২৬৯৫৯ নম্বর পৃষ্ঠায় এ সংশোধনী প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com