Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১১:২৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কাঁচা মাংসের রক্তযুক্ত বোতলে বোরহানি! সিলেটে কাচ্চি ঘরকে লাখ টাকা জরিমানা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১১:২৩ পূর্বাহ্ন

সিলেট  , সিলেট: সিলেট নগরীর আখালিয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকসংলগ্ন ‘MR. কাচ্চি ঘর’ নামের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রান্নাঘর ও ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, কাঁচা মাংসের রক্তযুক্ত বোতলে বোরহানি রাখা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণসহ নানা অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।


মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা প্রশাসন, সিলেটের নেতৃত্বে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম।


অভিযানকালে প্রতিষ্ঠানটির হোটেল-রেস্তোরাঁ পরিচালনার প্রয়োজনীয় নিবন্ধন না থাকা, রান্নাঘর ও ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা এবং কাঁচা মাংসের রক্তযুক্ত বোতলে বোরহানি সংরক্ষণ ও পরিবেশনের বিষয়টি শনাক্ত করা হয়।


এ ছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন বোরহানি উৎপাদন ও বিক্রয়, মেয়াদোত্তীর্ণ মুগডাল সংরক্ষণ, প্রয়োজনীয় অনুমোদনপত্রের ঘাটতি এবং খাদ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর অভাবও পাওয়া যায়।


এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com