Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স বাড়ল, ন্যূনতম ৬ বছর নির্ধারণ

১২ নভেম্বর ২০২৬ • ১০:৫১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা এক বছর বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। আগে এ বয়সসীমা ছিল পাঁচ বছর।


মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করে। বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে নীতিমালার বিস্তারিত তথ্য উঠে আসে।


নতুন নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। সে হিসাবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য হবে।


শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য ভর্তি আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছর অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।


### প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে লিখিত পরীক্ষা


ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে লটারির বিধান রাখা হয়েছে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত করতে হবে।


অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে।


ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনও নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ৫০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।


চতুর্থ থেকে নবম শ্রেণিতে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।


### আবেদন ফরমের মূল্য নির্ধারণ


নীতিমালা অনুযায়ী, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নেওয়া যাবে। সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারণ করতে হবে।


এ ছাড়া প্রতিটি শ্রেণির প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তির বিধান রাখা হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয়ের এ নতুন নীতিমালা ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।


উল্লেখ্য, সরকারি বিদ্যালয়ের ভর্তি নীতিমালায় বয়সসংক্রান্ত বিধান আলাদা রয়েছে। তাই সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ভর্তি বয়সের নিয়ম এক করে দেখার সুযোগ নেই। 

বিজ্ঞাপন channeljaintanews24.com