Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে নকশাবিহীন ভবন নির্মাণে ছাড় নয়, জরিমানা ও কাজ বন্ধের হুঁশিয়ারি সিউকের

১২ নভেম্বর ২০২৬ • ১০:৩৪ পূর্বাহ্ন

সিলেট , সিলেট: সিলেট মহানগরীতে অনুমোদিত নকশা ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। ইমারত নির্মাণ বিধিমালা ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণ অব্যাহত রাখলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে জরিমানা, নির্মাণকাজ বন্ধসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।


বুধবার (১১ নভেম্বর) সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন পরিদর্শন শেষে তিনি এ সতর্কবার্তা দেন। সিউকের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে টানা তৃতীয় দিনের মতো তিনি নগরীর বিভিন্ন এলাকায় ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন।


পরিদর্শনকালে নগরীর বিভিন্ন স্থানে অনুমোদিত নকশা ছাড়াই ভবন নির্মাণের চিত্র দেখতে পান সিউক চেয়ারম্যান। এসব নির্মাণকাজ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও প্রচলিত ইমারত নির্মাণ বিধিমালার পরিপন্থি উল্লেখ করে সংশ্লিষ্ট ভবনমালিকদের সতর্ক করা হয়েছে।


সিউক চেয়ারম্যান বলেন, নগরীর বিভিন্ন এলাকায় নকশা ছাড়াই ভবন নির্মাণের চিত্র দেখা গেছে। এ ধরনের ভবনমালিকদের ইতোমধ্যে সতর্ক করা হয়েছে। এরপরও আইন অমান্য করে নির্মাণকাজ চালিয়ে গেলে জরিমানা, নির্মাণকাজ বন্ধসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও বলেন, সিউকের কর্মকর্তাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া কিংবা জরিমানা আদায় করা নয়। বরং নগরীতে পরিকল্পিত ও নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করাই সংস্থাটির মূল লক্ষ্য। এ জন্য ভবনমালিকদের আইন মেনে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ পরিচালনার আহ্বান জানান তিনি।


রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নকশার বাইরে ভবন নির্মাণ করে পরবর্তী সময়ে আইনি জটিলতা কিংবা আদালতকেন্দ্রিক ভোগান্তিতে পড়ার চেয়ে শুরু থেকেই অনুমোদিত নকশা অনুসরণ করা শ্রেয়। এতে ভবনমালিকেরা অনাকাঙ্ক্ষিত হয়রানি ও আইনি জটিলতা এড়িয়ে নিরাপদে বসবাস করতে পারবেন।


তিনি ভবন নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের আইনগত ও নকশাগত অসংগতি না রাখার আহ্বান জানিয়ে বলেন, সিউকের চলমান তদারকি ও সচেতনতামূলক উদ্যোগে নগরবাসী ইতিবাচক সাড়া দেবেন এবং পরিকল্পিত সিলেট গড়ে তুলতে সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদী।


পরিদর্শনকালে সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com