Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জুড়ীতে বাক্‌ ও বুদ্ধিপ্রতিবন্ধী জুমি হত্যা: ৮ দিনেও রহস্য উদ্‌ঘাটন হয়নি, গ্রেপ্তার নেই

১২ নভেম্বর ২০২৬ • ১০:৩০ পূর্বাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে বাক্‌ ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী জুমি আক্তার (২১) হত্যাকাণ্ডের আট দিন পেরিয়ে গেলেও ঘটনার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। শনাক্ত হয়নি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোক ও আহাজারি। দ্রুত হত্যার রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।


পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন মাধ্যমে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একটি দল কাজ করছে।


নিহত জুমি উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পশ্চিম আমতৈল (খালেরমুখ নয়াবাজার) এলাকার বাসিন্দা রিকশাচালক ডালিম মিয়া ও নার্গিস বেগম দম্পতির বড় মেয়ে। জন্ম থেকেই বাক্‌ ও বুদ্ধিপ্রতিবন্ধী জুমি সাধারণত বাড়িতেই থাকতেন।


পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে সামনের সড়কের একটি কালভার্টের ওপর ঘোরাফেরা করছিলেন জুমি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।


নিহতের বাবা-মা জানান, মেয়েকে খুঁজে না পেয়ে তাঁরা থানায় যান। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালেও সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে খবর আসে, তাঁদের বাড়ির কাছেই মতিন হাজীর বাড়ির ভেতরে একটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে তাঁরা মেয়ের মরদেহ শনাক্ত করেন।


পরিবারের অভিযোগ, জুমির গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং পরনের সালোয়ারের ফিতা খোলা অবস্থায় পাওয়া যায়। গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগও ছিল। এসব আলামত দেখে তাঁদের ধারণা, ধর্ষণের পর জুমিকে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের অভিযোগ এখনো নিশ্চিত হয়নি।


এ ঘটনায় জুমির বাবা ডালিম মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জুড়ী থানায় হত্যা মামলা করেছেন।


জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মালিক (পিপিএম) জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল সক্রিয় রয়েছে। তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।


এদিকে মেয়েকে হারিয়ে দিশেহারা পরিবারটি এখনো হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের অপেক্ষায় রয়েছে। দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।

বিজ্ঞাপন channeljaintanews24.com