Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১০:১৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ এনসিপির

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১০:১৫ পূর্বাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা।


বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।


পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় দুটি ছাগলও মারা গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।


এনসিপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও পৃথক পোস্টে একই অভিযোগ করেন।


এনসিপির সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান অভিযোগ করেন, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং অন্যটি বাড়ির উঠানে পড়ে বলে দাবি করেন তিনি।


তবে হামলার অভিযোগের বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


পুলিশের ভাষ্য অনুযায়ী, নুসরাত তাবাসসুমের মা-বাবা ঘটনাস্থল থেকে ২০ থেকে ৩০ হাত দূরে অন্য একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন। ওই ভবনে আগুন লাগেনি এবং সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।


নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক ও দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।


সূত্র: প্রথম আলো

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com