Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সাত বছরেও ছেলের মৃত্যুর রহস্যের কিনারা হয়নি, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি বাবার

১২ নভেম্বর ২০২৬ • ০৩:০২ পূর্বাহ্ন

মুফিজুর রহমান নাহিদ:

ছেলের মৃত্যুর সাত বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও প্রকৃত রহস্য উদ্ঘাটন ও ন্যায়বিচার পাননি বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী বাবা দিল মোহাম্মদ খান। ২০১৯ সালের ৬ জুলাই ছেলে ইফরান খান রাকিবের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।


বুধবার (১২ নভেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত কণ্ঠে এসব দাবি জানান তিনি। এ সময় ছেলের মৃত্যুর বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী ও সংসদ সদস্যদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এই বাবা।


সংবাদ সম্মেলনে দিল মোহাম্মদ খান বলেন, ২০১৯ সালের ৬ জুলাই তাঁর ছেলে ইফরান খান রাকিবের মৃত্যুর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করা হলেও এটি প্রকৃতপক্ষে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও পরিবার এখনো ন্যায়বিচার পায়নি।


তিনি জানান, ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রমাণ সংগ্রহ করেছেন। এসব তথ্য-প্রমাণ তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরে তদন্তকাজে সহযোগিতার চেষ্টা করেছেন। কিন্তু তাঁর অভিযোগ, সংগৃহীত তথ্য-প্রমাণ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি।


দিল মোহাম্মদ খান আরও অভিযোগ করেন, ঘটনার সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকায় সুষ্ঠু তদন্ত ও বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। ক্ষমতা ও প্রভাবের কারণে ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য এখনো আড়ালে রয়ে গেছে বলে দাবি করেন তিনি।


একজন বাবার দীর্ঘদিনের বেদনা তুলে ধরে তিনি বলেন, সাত বছরেরও বেশি সময় ধরে ছেলের মৃত্যুর বিচার পাওয়ার আশায় অপেক্ষা করছেন। তাঁর একমাত্র প্রত্যাশা, সংগৃহীত তথ্য-প্রমাণ পুনরায় যাচাই করে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। একই সঙ্গে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।


প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি বা মহলের প্রভাব যেন তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একজন বাবা হিসেবে তিনি শুধু তাঁর সন্তানের মৃত্যুর প্রকৃত রহস্য জানতে চান এবং রাষ্ট্রের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।


সংবাদ সম্মেলনে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকেও বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানানো হয়।


প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ জুলাই রাজধানীর মগবাজার ফ্লাইওভারে গাড়ি দুর্ঘটনায় মারা যায় স্কুলছাত্র ইফরান খান রাকিব। এ ঘটনায় তাঁর বাবা দিল মোহাম্মদ খান মামলা করেন। ২০২০ সালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে গাড়ির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে এবং সাদী নামে এক ব্যক্তিকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ওই তদন্তে অসন্তোষ জানিয়ে রাকিবের পরিবার আদালতে নারাজি আবেদন করে। ২০২১ সালে প্রকাশিত সংবাদে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আদালত মামলাটি পুনরায় তদন্তের জন্য র‍্যাব-৩-কে নির্দেশ দিয়েছেন।


দীর্ঘদিন পরও ছেলের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে এবার সিলেটে সংবাদ সম্মেলন করে পুনরায় নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করলেন দিল মোহাম্মদ খান।

বিজ্ঞাপন channeljaintanews24.com