সিলেট:
সিলেট রেঞ্জের অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ দমন, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আট পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। একই সভায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং রাজনৈতিক প্রভাব বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক।
সভায় অক্টোবর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ মামলাগুলো পর্যালোচনা করা হয়। এ সময় আইনের শাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন ডিআইজি।
কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে তাদের আড্ডাস্থল ও অপরাধের ধরন চিহ্নিত করে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আসন্ন শীত মৌসুমে হাওর ও বিলের জলাশয় শুকিয়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার কর্তৃক ইজারা দেওয়া জলাশয়ে বৈধ ইজারাগ্রহীতারা যাতে মাছ আহরণে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়েন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি সিলেট বিভাগের বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে বলেন।
সিলেট বিভাগ প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় শীত মৌসুমে দেশে আসা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের ওপরও গুরুত্ব দেন ডিআইজি।
সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং এসব অপরাধের সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। হত্যা, ডাকাতি, ধর্ষণ, গণধর্ষণ ও শিশু নির্যাতনের মতো চাঞ্চল্যকর অপরাধের খবর পাওয়া মাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন।
এ ছাড়া সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি, ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং টহল কার্যক্রম জোরদার করতে বলেন। জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।
যেসব কারণে পুরস্কৃত হলেন ৮ পুলিশ সদস্য
অপরাধ দমন ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনে অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত আট পুলিশ সদস্য হলেন—
১. মো. রতন শেখ, পিপিএম, অফিসার ইনচার্জ, সুনামগঞ্জ সদর মডেল থানা। মন্দিরে চুরির ঘটনায় আনুমানিক ২৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে পুরস্কৃত করা হয়।
২. মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, অফিসার ইনচার্জ, বাহুবল থানা, হবিগঞ্জ। বিবিয়ানা গ্যাস ফিল্ডের লুণ্ঠিত আমদানিকৃত গ্যাস উত্তোলনের সরঞ্জাম উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি পুরস্কার পান।
৩. উৎসব কর্মকার, এসআই (নিরস্ত্র), জৈন্তাপুর মডেল থানা, সিলেট। আনুমানিক ১ কোটি ৫৫ লাখ ২৪ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধারে অবদানের জন্য তাঁকে পুরস্কৃত করা হয়।
৪. আহলাদ ইবনে জামিল, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজার। সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভন দেখিয়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার আসামিকে গ্রেপ্তার এবং আলামত উদ্ধারে সক্ষম হওয়ায় তিনি পুরস্কার পান।
৫. আবুল কালাম, এএসআই (নিরস্ত্র), কোম্পানীগঞ্জ থানা, সিলেট। ২ হাজার ৪৮১ বোতল বিদেশি মদ উদ্ধারে অবদানের জন্য তাঁকে পুরস্কৃত করা হয়।
৬. রফিকুল ইসলাম, এসআই (নিরস্ত্র), বিয়ানীবাজার থানা, সিলেট। ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের জন্য তিনি পুরস্কার পান।
৭. রাজিব কুমার রায়, এসআই (নিরস্ত্র), গোয়াইনঘাট থানা, সিলেট। আনুমানিক ৩৮ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধারে অবদানের জন্য তাঁকে পুরস্কৃত করা হয়।
৮. মো. সাইফুল ইসলাম, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, হবিগঞ্জ। একটি ক্লুলেস অপহরণ মামলার রহস্য উদ্ঘাটন এবং তিন বছর আগের একটি মামলার ভিকটিমের কঙ্কাল ও পোশাক উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি পুরস্কার পান।
সভায় সিলেট রেঞ্জের অধীন চার জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারগুলোর কমান্ড্যান্ট এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সিলেট রেঞ্জের সব জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ এবং ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জরা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সভায় ডিআইজি জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের সুরক্ষায় সংশ্লিষ্ট সব পুলিশ কর্মকর্তাকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।